তরুণ প্রজন্মকে ‘আবর্জনা’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার কিছুটা ভিন্ন সুরে কথা বললেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘জেনজি বন্ধুদের’ শুভেচ্ছা জানিয়ে তরুণদের প্রতি বন্ধুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানান, জিমে দুই তরুণীর সঙ্গে তার দেখা হয়েছিল। তাদের সঙ্গে আধুনিক জীবনযাপন, সামাজিক যোগাযোগমাধ্যম, ডেটিং অ্যাপ ও ডিজিটাল যুগের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। তরুণীদের স্বাধীনভাবে বাঁচার আকাঙ্ক্ষার কথা শুনে কঙ্গনা বলেন, স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ।
তিনি তরুণদের উদ্দেশে জানান, নিজের মতো করে জীবনযাপনের অধিকার থাকলেও সমাজ ও মানুষের প্রতি দায়িত্ব ভুলে যাওয়া উচিত নয়। পোস্টের শেষে নিজের ‘জেনজি বন্ধুদের’ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানান তিনি।
এর আগে নিট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়ম নিয়ে ছাত্র আন্দোলন প্রসঙ্গে করা মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা। আন্দোলনকারীদের নিয়ে কঠোর মন্তব্য করায় বিতর্ক তৈরি হয়। সেই ঘটনার পর তরুণ প্রজন্মকে নিয়ে তার এই নতুন বার্তা অনেকের নজর কেড়েছে।