বয়স যেন থমকে আছে! ফাওয়াদ খানের তারুণ্যের রহস্য ঘিরে চর্চা

Share

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বয়স বাড়লেও তার চেহারায় তারুণ্যের ছাপ দেখে ভক্তদের মধ্যে কৌতূহল—কীভাবে ধরে রেখেছেন নিজের আকর্ষণ?

 

বর্তমানে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত ফাওয়াদ। সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি চুল ছোট করেছেন এবং ভিন্ন এক রূপে হাজির হয়েছেন। তবে শুধু নতুন হেয়ারস্টাইল নয়, তার চেহারার অন্যান্য পরিবর্তনও নজর কেড়েছে অনুরাগীদের।

 

এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে লাহোরের এক কসমেটিক সার্জনের সঙ্গে ফাওয়াদের পুরোনো একটি ছবি। তা থেকেই শুরু হয় নানা জল্পনা—তার এই তারুণ্যময় লুকের পেছনে কি কোনো নান্দনিক চিকিৎসার ভূমিকা রয়েছে? যদিও এর কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি।

 

ভক্তদের একাংশ মনে করছেন, নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত জীবনযাপন ও ওজন কমানোর ফলেই ফাওয়াদ এখনো এতটা তরুণ ও আকর্ষণীয়। পাকিস্তানি নাটক ও সিনেমার পাশাপাশি বলিউডেও জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছেন।