নতুন চমক নিয়ে আলোচনায় কানিকা কাপুর

Share

হিন্দি সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী কানিকা কাপুরের। আগামী ১৪ আগস্ট মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নতুন পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছেন তিনি।

 

পোস্টারে অভিনেতা করণ দেওলের সঙ্গে কানিকার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। তবে সিনেমার চেয়ে বেশি আলোচনা হচ্ছে তার চেহারা নিয়ে। অনেক নেটিজেনের দাবি, প্রথম দেখায় তাকে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মতো মনে হয়েছে। বিশেষ করে তার মেকআপ, অভিব্যক্তি ও লুকের সঙ্গে কিয়ারার জনপ্রিয় ‘শেরশাহ’ সিনেমার ‘ডিম্পল’ চরিত্রের মিল খুঁজে পেয়েছেন অনেকে।

 

কেউ কেউ আবার দাবি করেছেন, পোস্টারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব থাকতে পারে। তবে এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

 

অভিনয়ে কানিকা নতুন নন। এর আগে টেলিভিশন ধারাবাহিকসহ কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন তিনি। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় তার অভিষেকের আগে লুক নিয়ে শুরু হওয়া এই আলোচনা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।