গ্র্যামি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইট থেকে বিটিএসের দুটি জনপ্রিয় লাইভ পারফরম্যান্স ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। ২০২১ সালের ‘ডায়নামাইট’ ও ২০২২ সালের ‘বাটার’ গানের গ্র্যামি মঞ্চের পরিবেশনার ভিডিও আর দেখা যাচ্ছে না। বিষয়টি সামনে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি, ২০২৭ সালের গ্র্যামির জন্য গান জমা না দেওয়ার বিটিএসের ঘোষণার পর ভিডিও দুটি সরানো হয়েছে। তবে এ বিষয়ে রেকর্ডিং একাডেমি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
সম্প্রতি বিটিএস জানিয়েছে, সংগীতকে কোনো অঞ্চল বা ভাষার সীমায় না দেখে তার নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে বিচার করা উচিত। গ্র্যামিতে একাধিকবার মনোনয়ন পেলেও এখনো পুরস্কার না পাওয়ায় ব্যান্ডটির সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। ভক্তরা ‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’ হ্যাশট্যাগে তাদের সমর্থন জানাচ্ছেন।