‘টেলিভিশনে তো বিনা পয়সায় দেখা যায়, সিনেমার জন্য টাকা দেবে কেন?’—‘টুয়েলভথ ফেল’-এ অভিনয়ের আগে বিক্রান্ত ম্যাসিকে এমন প্রশ্নই করেছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেন বিক্রান্ত। টেলিভিশনে বেশি পরিচিত হওয়ায় বড় পর্দায় তাকে নেওয়া নিয়ে পরিচালকের সংশয় ছিল। তবে প্রশ্নটিকে অপমান হিসেবে নেননি অভিনেতা; বরং এটিকে বাস্তব ও গঠনমূলক মন্তব্য হিসেবে দেখেছিলেন।
অডিশনের পর বিক্রান্তকেই চরিত্রটির জন্য উপযুক্ত মনে হয় চোপড়ার। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রায় দেড় বছর সময় দেন তিনি এবং গল্প ও চিত্রনাট্য তৈরির কাজেও যুক্ত ছিলেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টুয়েলভথ ফেল’-এ মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান বিক্রান্ত এবং পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা অর্জন করেন।