প্রেক্ষাগৃহে দাপট অব্যাহত রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির তৃতীয় সপ্তাহান্তেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা।
এর মাধ্যমে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-কে পেছনে ফেলে সনি পিকচার্সের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছে এটি। বর্তমানে সিনেমাটির বৈশ্বিক আয় ২.০২২ বিলিয়ন ডলার।
টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত সিনেমাটি উত্তর আমেরিকাতেও দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম ১৭ দিনে সেখানে আয় করেছে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার, পেছনে ফেলেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর দ্বিতীয় দ্রুততম সিনেমা হিসেবে ২ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। চলচ্চিত্রের ইতিহাসে এমন কীর্তি গড়া অষ্টম সিনেমা এটি।