পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন

Share

চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতির প্রথম পকেট-বই ‘রীতিবাক্য’ প্রকাশিত হয়েছে। একই আয়োজনে তার চিত্রনাট্য ‘মৃত্যু থেকে জন্ম’-এর পাঠাভিনয়ও অনুষ্ঠিত হয়। বুধবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজনটি হয়।

 

‘রীতিবাক্য’ বইয়ে লেখকের ৯৯টি ভাবনা, জীবনবোধ, আত্মঅনুসন্ধান ও আত্মস্মৃতির পাশাপাশি চলচ্চিত্র সমালোচনা, সমসাময়িক বিষয়, ভালোবাসা ও স্মৃতির কথা উঠে এসেছে।

 

অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে’ গানকে ঘিরে লেখা ‘মৃত্যু থেকে জন্ম’ চিত্রনাট্যে গানটির সৃষ্টির প্রেক্ষাপট ও কবির অনুপ্রেরণার উৎস অনুসন্ধান করা হয়েছে। পাঠাভিনয়ে অংশ নেন নুসরাত রাইসা, ইরফান রনি, কানিজ ফারজানা আরেফিন ও সাশা।

 

আয়োজনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলমসহ চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।