রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ মঞ্চস্থ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এটি তাদের প্রথম পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনা।
মেরুল বাড্ডা ক্যাম্পাসের অডিটোরিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া প্রদর্শনীতে অভিনয়ের পাশাপাশি মঞ্চ ব্যবস্থাপনা, প্রযোজনা ও সৃজনশীল পরিকল্পনার বিভিন্ন দায়িত্বও পালন করেন শিক্ষার্থীরা। নির্দেশনা দিয়েছেন শ্রেয়শ্রী সরকার।
প্রথম প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী লাকী ইনাম। তিনি শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চা তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দলগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘রক্তকরবী’ মানুষের স্বাধীনতা, মর্যাদা এবং নিপীড়ন ও ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী নাটক। আজ শুক্রবার নাটকটির দ্বিতীয় ও শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।