ওটিটিতে ব্যাপক জনপ্রিয়তার পর এবার প্রেক্ষাগৃহে আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’। আগামী ৪ সেপ্টেম্বর ভারতে মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে আবারও দেখা যাবে ‘কালিন ভাইয়া’ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে আলী ফজল ও ‘মুন্না ত্রিপাঠি’ চরিত্রে দিব্যেন্দু শর্মাকে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের জন্য এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে প্রায় ৪ কোটি রুপি, আর আসনসহ মোট অগ্রিম সংগ্রহ প্রায় ৬ কোটি ২৩ লাখ রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, প্রথম দিনে ২৫ কোটি রুপি আয় করতে পারলে ‘মির্জাপুর: দ্য মুভি’ সাম্প্রতিক কয়েকটি বড় সিনেমার প্রথম দিনের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে পঙ্কজ, আলী ও দিব্যেন্দুর জন্যও এটি হতে পারে বড় পর্দায় নতুন মাইলফলক। গুরমিত সিং পরিচালিত সিনেমাটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন জীতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক ব্যানার্জি, রসিকা দুগাল ও শ্বেতা ত্রিপাঠি। এবার বড় পর্দায় ‘মির্জাপুর’ কতটা ইতিহাস গড়তে পারে, সেটিই দেখার অপেক্ষা।