দ্বাদশ শ্রেণি শেষ করতে না পারার আক্ষেপ এখনো রয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। অভিনয়ে ক্যারিয়ার গড়তে একাদশ শ্রেণির পরই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজের সেই সিদ্ধান্তের কথা জানিয়ে কারিনা বলেন, বিষয়টি নিয়ে সারাজীবনই তার আক্ষেপ থাকবে। নিজের অভিজ্ঞতা থেকে দুই ছেলে তৈমুর ও জেহের পড়াশোনাকে অগ্রাধিকার দিতে চান অভিনেত্রী। তার পরামর্শ, আগে পড়াশোনা শেষ করে এরপর সন্তানরা নিজেদের পছন্দের পথে এগিয়ে যাক। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে সফল ক্যারিয়ার গড়েছেন কারিনা। বর্তমানে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায় পুলিশের ডিসিপি চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।