কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

Share

তরুণ প্রজন্মের পরিচিত মুখ মার্টিন সবুজ হাঁসদা নতুন গান ‘যারা ছেড়ে চলে যায়’ প্রকাশ করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত গানটি কবি স্বপ্নীল চক্রবর্ত্তীর একটি কবিতা থেকে তৈরি। কবিতাটিতে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন মার্টিন নিজেই। রাজশাহীতে বেড়ে ওঠা মার্টিন ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও নানা বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা অর্জন করেছেন তিনি। ২০১৭ সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন গানের দল ‘স্বরে-অ’। এ পর্যন্ত নিজের লেখা ও সুরে ১০টি মৌলিক গান প্রকাশ করেছেন এই শিল্পী। বাংলার পাশাপাশি সান্তালি, নেপালি, হিন্দি ও অসমিয়া গানও করেন মার্টিন। বিশেষ করে সান্তালি গানকে মূলধারার শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন রয়েছে তার। বৈচিত্র্যময় সংগীতচর্চার মধ্য দিয়ে নিজের পথচলা অব্যাহত রাখতে চান এই তরুণ শিল্পী।