মাত্র দুই কোটি রুপি বাজেটে নির্মিত ‘হনুমান অংশ’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। কোনো বড় তারকা বা নামী পরিবেশক ছাড়াই সিনেমাটি ইতোমধ্যে ‘অলটাইম ব্লকবাস্টার’ তকমা পেয়েছে। মুক্তির পঞ্চম সপ্তাহান্তে ‘হনুমান অংশ’ আয় করেছে ৪৫ কোটি ৬০ লাখ রুপি, যা ‘ধুরন্ধর’-এর একই সময়ের আয়ের চেয়ে ১০ কোটি বেশি। এর মধ্য দিয়ে পঞ্চম সপ্তাহান্তের আয়ে শীর্ষে উঠে এসেছে সিনেমাটি। এদিকে মুক্তির ৩১তম দিনে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ‘হনুমান অংশ’। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও সিনেমাটির এই সাফল্যকে অবিশ্বাস্য ও ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। নিম করোলি বাবার জীবনকাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ড. বিশাল চতুর্বেদী। ৭ আগস্ট মাত্র ২৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছিল ৯০ লাখ রুপি। তবে দর্শকের প্রশংসায় পরবর্তী সময়ে এর আয় দ্রুত বাড়তে থাকে।