একসময় দিনে মাত্র ২০ রুপি মজুরিতে কাজ করতেন তামিল অভিনেতা সুরি। পেটের দায়ে দিনমজুরি ও রংমিস্ত্রির কাজ করার পাশাপাশি ছোট চরিত্রে অভিনয় করতেন তিনি। দীর্ঘ সংগ্রামের পর আজ তিনি দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়ক, যার একাধিক সিনেমা ৫০ কোটির বেশি ব্যবসা করেছে। ২০০৯ সালে ‘ভেনিলা কাবাডি কুজু’ সিনেমার মাধ্যমে কৌতুক অভিনেতা হিসেবে পরিচিতি পান সুরি। এরপর ২০২৩ সালে ‘ভিদুথালাই: পার্ট ১’-এ প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে বদলে যায় তার ক্যারিয়ার। সিনেমাটি সফল হওয়ার পর একে একে ‘ভিদুথালাই: পার্ট ২’, ‘গারুদান’ ও ‘মামান’-এর মতো সিনেমায় সাফল্য পান তিনি। এখন রবিকুমারের নতুন সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সুরি। ফলে ২০ রুপি দৈনিক মজুরি থেকে ২৫ কোটির নায়ক হয়ে ওঠার তার জীবনকাহিনি যেন সিনেমার গল্পকেও হার মানায়।