বিপুল বাজেট ও তারকাবহুল আয়োজনের কারণে ‘টক্সিক’ নিয়ে মুক্তির আগে ছিল ব্যাপক প্রত্যাশা। কিন্তু প্রেক্ষাগৃহে আশানুরূপ সাড়া না পাওয়ায় এবার সিনেমাটির ওটিটি স্বত্বের মূল্যেও বড় ধস নেমেছে। প্রতিবেদন অনুযায়ী, মুক্তির আগে একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টক্সিক’-এর জন্য ১৫০ কোটি রুপি প্রস্তাব দিয়েছিল। তবে যশ ও তার দল ২০০ কোটির বেশি দাম প্রত্যাশা করায় সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। এখন সিনেমাটির সব ভাষার ডিজিটাল স্বত্বের জন্য সর্বোচ্চ ৩০ কোটি রুপি পর্যন্ত প্রস্তাব পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে ওটিটির জন্য সিনেমাটির নতুন করে সম্পাদিত সংস্করণ তৈরির কথাও ভাবছেন নির্মাতারা। এর মাধ্যমে ডিজিটাল স্বত্বের ভালো দাম পাওয়ার পাশাপাশি ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে।