বক্স অফিসের পর ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’

Share

বড় পর্দায় প্রত্যাশিত সাড়া না পাওয়ার পর এবার ওটিটি স্বত্ব নিয়েও ধাক্কা খেয়েছে ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির আগে পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি টাকার প্রস্তাব এলেও বর্তমানে সর্বোচ্চ ৩০ কোটি টাকার কাছাকাছি প্রস্তাব পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। তবে এখনো কোনো প্ল্যাটফর্মের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। ‘কেজিএফ’ সিরিজের পর ইয়াশের নতুন সিনেমা হিসেবে ‘টক্সিক’ ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক আগ্রহ। গীতু মোহনদাস পরিচালিত ছবিটিতে ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও হুমা কুরেশি। মুক্তির আগে একটি বড় স্ট্রিমিং সংস্থা ছবিটির সব ভাষার ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি টাকা দিতে চেয়েছিল। কিন্তু নির্মাতারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ২০০ কোটির বেশি দামে স্বত্ব বিক্রির আশা করেছিলেন। বক্স অফিসে ইয়াশের জনপ্রিয়তা ও ‘কেজিএফ’ ব্র্যান্ডের প্রভাব বিবেচনায় এই প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে মুক্তির পর প্রথম দিনে প্রায় ১০১ কোটি ১০ লাখ টাকা নেট আয় করলেও পরবর্তী সময়ে ছবিটির আয় দ্রুত কমে যায়। মুক্তির ১২ দিনে ভারতে সিনেমাটির মোট নেট সংগ্রহ দাঁড়ায় প্রায় ২৪৫ কোটি ৭৫ লাখ টাকা। বক্স অফিসের প্রত্যাশিত ফল না পাওয়ায় এবার ডিজিটাল স্বত্বের বাজারমূল্যও কমেছে। বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্ম সর্বোচ্চ প্রায় ৩০ কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দিচ্ছে বলে খবর। এই দৌড়ে জি-ফাইভ এগিয়ে থাকলেও এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। ফলে শেষ পর্যন্ত ‘টক্সিক’-এর ওটিটি স্বত্ব কত টাকায় বিক্রি হয়, সেটিই এখন দেখার বিষয়।