ইতালিতে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ‘এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, ইতালি’। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি এবং বাঁধনকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার দাবিতে বাংলাদেশ দূতাবাস, রোমে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক রাসেল মুহাম্মদ স্বাক্ষরিত স্মারকলিপিটি রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হকের কাছে হস্তান্তর করা হয়। এতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর ইতালিতে অবস্থানকালে জুলাই বিপ্লবের অন্যতম কণ্ঠস্বর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাঁধন অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন। এ ঘটনায় শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তাই নয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা ও মর্যাদাও প্রশ্নের মুখে পড়েছে।
স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে। এগুলো হলো—বাঁধনকে পূর্ণাঙ্গ আইনি ও প্রশাসনিক সহায়তা দেওয়া, ইতালি পুলিশের সহযোগিতায় হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, অপরাধীদের তথ্য ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া এবং ইতালিসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি, সাংস্কৃতিক কর্মী ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কার্যকর যোগাযোগব্যবস্থা চালু করা।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূতের কার্যকর পদক্ষেপে বাঁধন দ্রুত ন্যায়বিচার পাবেন এবং প্রবাসীদের মধ্যে দূতাবাসের প্রতি আস্থা আরও দৃঢ় হবে।