চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনের আচরণ ও গতিবিধি বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সিআইডি। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলেও দাবি সংস্থাটির। পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তা জানান, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ডন তার ব্যক্তিগত ও মামলার ঘটনা সম্পর্কে অনেক কিছু জানতেন। জিজ্ঞাসাবাদে তিনি কৌশলে তথ্য দিয়েছেন এবং কিছু বিষয় গোপন করেছেন। সিআইডি জানিয়েছে, ঘটনার আগে, সময় ও পরে ডনের আচরণ বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই চলছে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।