ঢালিউডের জনপ্রিয় জুটি মান্না ও পূর্ণিমা একসঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তাদের জুটির শুরু হয় ‘সুলতান’ সিনেমার মাধ্যমে। এফ আই মানিক পরিচালিত ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে। পূর্ণিমা জানান, শুরুতে মান্নার সঙ্গে সিনেমা করতে রাজি ছিলেন না। পরে শুটিং সেটে মান্নার সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত বদলান তিনি। এরপর এই জুটি একে একে ‘ধ্বংস’, ‘নায়ক’, ‘বাপ বেটার লড়াই’, ‘বাবু মাস্তান’, ‘জনতার লড়াই’, ‘বাবা’, ‘ভিলেন’ ও ‘মনের সাথে যুদ্ধ’-এর মতো সিনেমায় অভিনয় করেন। মান্না-পূর্ণিমা জুটির শেষ সিনেমা ‘পিতা-মাতার আমানত’। ছবিটিও দর্শক-সমালোচকদের প্রশংসা পায়। পূর্ণিমার ভাষ্য, মান্না শুধু তার সহশিল্পী ছিলেন না, তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্বও। মান্নার আকস্মিক প্রয়াণের পর বাংলা চলচ্চিত্রে এমন সফল জুটি ও ভালো কাজের ধারাবাহিকতা অনেকটাই কমে যায় বলে মনে করেন তিনি।