প্রথমবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার সুবাদে ইতালিতে গিয়ে এক বাংলাদেশি কর্মীর কাছ থেকে বিল না নেওয়ার পাশাপাশি নিজের দেশীয় পোশাকের জন্যও প্রশংসা পেয়েছেন তিনি। উৎসবে সিনেমাটির প্রিমিয়ারের পর সুনেরাহর অভিনয় ও বাংলাদেশের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তাকে মুগ্ধ করেছে। ভেনিস থেকে পোল্যান্ড যাওয়ার সময়ও অভিনেত্রী হিসেবে বিশেষ সম্মান পেয়েছেন তিনি। ৬ সেপ্টেম্বর ভেনিসের অরিজোন্তি বিভাগে সিনেমাটির প্রিমিয়ার হয়। আগামী ১২ সেপ্টেম্বর সমাপনী আয়োজনে অংশ নেওয়ার পর দেশে ফেরার কথা রয়েছে সুনেরাহর। সিনেমাটি পুরস্কার পেতে পারে বলেও আশাবাদী তিনি।