সালমান খানকে নিয়ে তৈরি একটি ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক সোনু নিগম। ভিডিওতে দেখা যায়, সালমানের গাওয়া ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গান শুনে সোনু বিরক্তির অভিব্যক্তি দিচ্ছেন। তবে সোনু জানান, ভিডিওটি সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মূল ভিডিওতে তিনি এক পাকিস্তানি তরুণী গায়িকার গান শুনছিলেন এবং সেই সময়ের প্রতিক্রিয়াই ধারণ করা হয়েছিল। পরে সেটির সঙ্গে সালমানের গান জুড়ে দিয়ে ভিডিওটি ছড়ানো হয়। ঘটনাটিকে প্রযুক্তির অপব্যবহার উল্লেখ করে সোনু সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানান। উল্লেখ্য, সালমান ও সোনুর দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে এবং তারা একাধিক জনপ্রিয় গানে একসঙ্গে কাজ করেছেন।