নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজীবন, বন্ধুত্ব, প্রেম ও আবেগ নিয়ে নির্মিত হয়েছে মুনতাসির আকিবের সিনেমা ‘চিরকুট’। একটি সত্য ঘটনার স্মৃতিকে কেন্দ্র করে তৈরি ছবিটিতে উঠে এসেছে সেই সময়ের হারিয়ে যাওয়া ক্যাম্পাসের পরিবেশ ও জীবনযাপন। সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা। চরিত্রটি ছোট হলেও গল্পের মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নির্মাতা। নওশাবা জানান, নির্মাতা মুনতাসির আকিবের অনুরোধ এবং রাজশাহীর প্রতি নিজের ভালোবাসা থেকেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। নওশাবার সঙ্গে ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিমি, সুমন পাটোয়ারীসহ আরও অনেকে। নব্বইয়ের দশকের আবহ ফুটিয়ে তুলতে পোশাক, ক্যাম্পাসের পরিবেশ ও জীবনযাপনের নানা অনুষঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০-২৫০ শিক্ষার্থীও সিনেমাটিতে অংশ নিয়েছেন। নির্মাতা মুনতাসির আকিবের ভাষায়, এটি অন্য কোনো দেশের গল্প বা সিনেমা থেকে অনুপ্রাণিত নয়; বরং বাংলাদেশের মানুষের আবেগ, বাস্তবতা ও জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত একটি সরল প্রেমের গল্প। নওশাবার মতে, সিনেমাটিতে চিঠি লেখা, চোখে চোখ রাখা ও অপেক্ষার মতো সেই সময়ের নির্মল প্রেম ফুটে উঠেছে—যে অভিজ্ঞতা বর্তমানের মোবাইলনির্ভর সম্পর্কের চেয়ে অনেকটাই আলাদা। ২০২৪ সালের শেষ দিকে শুরু হওয়া সিনেমাটির শুটিং বিভিন্ন পর্যায়ে ২০২৬ সাল পর্যন্ত চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘চিরকুট’।