সাবেক শ্বশুর রজনীকান্তের সিনেমার সঙ্গে বক্স অফিসে সংঘাত এড়াতে নিজের নতুন সিনেমা ‘ওম: চ্যাপ্টার ১’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধানুশ।সিনেমাটি ১৬ অক্টোবর মুক্তির কথা ছিল। এর এক দিন আগে ১৫ অক্টোবর রজনীকান্ত অভিনীত একটি সিনেমা মুক্তি পাওয়ায় আপাতত ‘ওম’-এর মুক্তি স্থগিত করেছেন ধানুশ। নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সামাজিক মাধ্যমে ধানুশ জানান, রজনীকান্তের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত। একই সঙ্গে দীপাবলিতেও নিজের কোনো সিনেমা মুক্তি না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তার মতে, বড় সিনেমাগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া থাকা শিল্পের বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ। রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল ধানুশের। ১৮ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।