মাসুমা রহমান নাবিলা ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে শুরু হচ্ছে ব্যতিক্রমী কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। আইডিয়া স্পেস ক্রিয়েটিভ এজেন্সির আয়োজনে অনুষ্ঠানটির মূল ভাবনা ও ক্রিয়েটর সঞ্জয় সমদ্দার এবং প্রযোজনায় রয়েছেন ইশতি আহমেদ। শোতে গাড়িতে লং ড্রাইভের সময় তারকাদের সঙ্গে হবে খোলামেলা আড্ডা। উঠে আসবে তাদের সাফল্যের গল্প, প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা ও গাড়ি ঘিরে নানা স্মৃতি। মিম ছাড়াও নাবিলার সঙ্গী হবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ ও কেয়া পায়েলের মতো তারকারা। শুধু বিনোদন নয়, অনুষ্ঠানে থাকছে মানবিক উদ্যোগও। কিছু পর্বে সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আয়োজন থাকবে। শিগগিরই ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুষ্ঠানটির পর্ব প্রকাশ হবে। পাশাপাশি ‘দোয়েল ওটিটি’-তেও দেখা যাবে ‘লং ড্রাইভ’।