একটি সিনেমা ও জনপ্রিয় গানেই রাতারাতি পরিচিতি পেয়েছিলেন নকুল কাপুর। ২০০২ সালে ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর ‘আঁখ হ্যায় ভরী ভরী’ গানটি তাকে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় করে তোলে। তার চেহারা ও ব্যক্তিত্ব দেখে অনেকেই তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে ভাবতে শুরু করেছিলেন। তবে প্রথম সিনেমার পর আর বলিউডে নিয়মিত হতে পারেননি নকুল। ২০০৫ সালে কানাডার টিভি সিরিজ ‘টার্মিনাল সিটি’-তে অভিনয়ের পর ধীরে ধীরে বিনোদনজগৎ থেকে দূরে সরে যান। পরবর্তীতে কানাডার ভ্যাঙ্কুভারে স্থায়ী হয়ে যোগব্যায়াম ও আধ্যাত্মিকতার দিকে মন দেন তিনি। বর্তমানে যোগশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি ‘ডিভাইন লাইফ যোগ’ নামে একটি যোগকেন্দ্র পরিচালনা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। ব্যক্তিগত জীবনও আড়ালে রেখেছেন নকুল; তিনি বিবাহিত এবং দুই সন্তানের বাবা।একসময় বলিউডের সম্ভাবনাময় ‘চকলেট বয়’ হিসেবে আলোচনায় থাকা নকুল কাপুর এখন অভিনয়ের জগতের বাইরে সম্পূর্ণ ভিন্ন জীবন বেছে নিয়েছেন।