দেশের মঞ্চনাটকে দীর্ঘ ছয় দশকের পথচলার পর এবার নেপালের মঞ্চে নেপালি ভাষার নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুর সর্বনাম থিয়েটারে ‘আয়ো গোর্খালি’ নাটকটির প্রথম প্রদর্শনী হয়। এর মধ্য দিয়ে নেপালি নাটকে নির্দেশক হিসেবে অভিষেক হলো তার। নাটকটির দ্বিতীয় প্রদর্শনী মঙ্গলবার একই মঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা অভিনয় করছেন। ‘আয়ো গোর্খালি’ লিখেছেন মক চিউ ইয়ু। গোর্খাদের জীবন ও সংগ্রাম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার পরিকল্পনা ছিল তার। প্রায় চার দশক ধরে মামুনুর রশীদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে নাটকটি নির্দেশনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। নেপালি ভাষায় দক্ষ না হওয়ায় কাজটি মামুনুর রশীদের জন্য চ্যালেঞ্জিং হলেও অভিজ্ঞতাটি উপভোগ করছেন তিনি। প্রথম প্রদর্শনীতে দর্শকের ভালো সাড়া পেয়েছেন বলেও জানান এই নাট্যব্যক্তিত্ব। নাটকটির গল্পে নেপালের গোর্খা সেনাদের বীরত্ব, আত্মত্যাগ ও জীবনসংগ্রামের পাশাপাশি বিশ্বযুদ্ধের সময় তাদের ভূমিকা এবং পরবর্তী বৈষম্যের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।