নির্দেশক হৃদি হকের নতুন নাট্যপ্রযোজনা ‘আন্ধার জয়’ মঞ্চস্থ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। আগামী ৪ অক্টোবর জর্জটাউনের জর্জটাউন থিয়েটার হলে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। এ আয়োজন ঘিরে অস্টিন, ডালাস, হিউস্টন ও সান অ্যান্টোনিওর নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির ক্লাসিক নাটকের ভাবনা থেকে নির্মিত ‘আন্ধার জয়’ তুলে ধরবে বিদ্রোহ ও আত্মপরিচয়ের গল্প। ব্যঙ্গ, শারীরিক অভিব্যক্তি, কোরিওগ্রাফি ও সংগীতের সমন্বয়ে সাজানো হয়েছে প্রযোজনাটি। সংগীত পরিচালনা ও আবহ সংগীত তৈরি করেছেন কামরুজ্জামান রনি। ‘অস্টিন নাট্য মঞ্চ’-এর আমন্ত্রণে অস্টিনের প্রায় ৫০ জন নাট্যকর্মীকে নিয়ে কর্মশালা পরিচালনার মাধ্যমে নাটকটি নির্মাণ করেছেন হৃদি হক। ‘গহর বাদশা ও বানেসা পরী’ এবং ‘আকাশে ফুটেছে ফুল-লেটো কাহন’-এর মতো প্রযোজনার মাধ্যমে পরিচিত এই নির্দেশকের লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে বাংলা নাট্যচর্চার নতুন সম্ভাবনা তৈরি করা।