বিরতির পর নতুন নাটক নির্মাণে ফিরেছেন নির্মাতা অরুণ চৌধুরী। চ্যানেল আইয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তাঁর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। এতে প্রকৃতি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। শঙ্খ চরিত্রে আহসান হাবিব নাসিম এবং সকাল চরিত্রে গোলাম কিবরিয়া তানভীর রয়েছেন। উত্তরার বিভিন্ন লোকেশনে দুই দিনে নাটকটির শুটিং শেষ হয়েছে। সম্পর্ক ও নৈতিক মূল্যবোধের নানা দিক উঠে এসেছে গল্পে। মৌ বলেন, ভালো গল্প ও ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতেই তিনি আগ্রহী। নাটকটি নিয়ে তিনি আশাবাদী। অরুণ চৌধুরীর নির্দেশনায় এর আগেও কাজ করেছেন নাসিম ও তানভীর। মৌয়ের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করা তানভীর জানান, তাঁর অভিনয় থেকে বিভিন্ন খুঁটিনাটি শেখার চেষ্টা করেন। নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফারজানা চুমকি। শিগগিরই চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে।