‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন হিমেল আশরাফ। নতুন সিনেমাটির নাম ‘মহব্বত’। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী বছরের কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার নাম ও পোস্টার। হিমেল জানান, ‘মহব্বত’ও প্রেমের গল্পের সিনেমা, তবে এতে পারিবারিক সম্পর্ক, সংকট, ভালোবাসা ও একটি জার্নির গল্প থাকবে। আগের সিনেমার পুনরাবৃত্তি না করে একই জনরায় নতুন গল্প বলার চেষ্টা করছেন তিনি। তাঁর ভাষায়, এবার আরও ভালো ও তুলনামূলক বেশি রোমান্টিক কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকবে। শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নায়িকা নির্বাচনে চমক রাখার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সিনেমার চিত্রনাট্য ও কাস্টিং ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে, চলছে প্রি-প্রডাকশনের কাজ। দুই বছরেরও বেশি সময় পর শাকিবের সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করছেন হিমেল।