দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় অভিষেক সিনেমা ‘সিগমা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ অভিনীত এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলারটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।সামাজিক মাধ্যমে একাংশ সিনেমাটির অ্যাকশন, সন্দীপ কিষানের অভিনয় ও বিনোদনমূলক উপস্থাপনার প্রশংসা করেছেন। অন্যদিকে কেউ কেউ চিত্রনাট্য ও চরিত্রায়নকে গতানুগতিক বলে সমালোচনা করেছেন। তাঁদের মতে, কয়েকটি দৃশ্য ছাড়া সিনেমাটিতে উল্লেখযোগ্য নতুনত্ব নেই। প্রথম দিনের প্রথম প্রদর্শনীতে জেসনকে সমর্থন জানাতে পরিবারের সদস্যরাও প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন। বড় পর্দায় বাবা বিজয়ের ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন জেসন। লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণে ছিলেন কৃষ্ণন বসন্ত।