রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন

Share

সৃজনকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য অভিনেতা, পরিচালক, লেখক, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ দিয়েছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

 

রোববার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

সম্মাননা গ্রহণের পর আফজাল হোসেন নিজের সৃজনযাত্রার নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটিকা, গান, নৃত্য ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, আফজাল হোসেন শুধু অভিনেতা বা নির্মাতা নন, তিনি সময়ের একজন বহুমাত্রিক সৃজনশীল প্রতিভা। শিল্প ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি দিতে ২০২৬ সালে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা’ চালু করেছে বিশ্ববিদ্যালয়টি।