বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ছয় বছর পর তার পোস্টমর্টেম নিয়ে নতুন দাবি সামনে এনেছেন বোন শ্বেতা সিং কীর্তি। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, পোস্টমর্টেমে যুক্ত এক ব্যক্তি তাকে সুশান্তের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছেন। শ্বেতার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দাবি করেছেন, সুশান্তের শরীরে বৈদ্যুতিক শক দেওয়ার মতো যন্ত্র ব্যবহার করা হয়েছিল। তার একটি পা ভাঙা ছিল, শরীরে অতিরিক্ত শক্তি প্রয়োগের চিহ্ন এবং চোখেও আঘাত ছিল বলে দাবি করেন শ্বেতা। তবে এসব দাবির স্বাধীন কোনো প্রমাণ প্রতিবেদনে পাওয়া যায়নি। এর আগে তদন্ত-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হয়েছিল। ২০২৫ সালে সিবিআইয়ের তদন্ত প্রতিবেদনেও অন্য কারও প্ররোচনায় তিনি আত্মহত্যা করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বাসা থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা দাবি ও আলোচনা তৈরি হয়েছে।