কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলেও অল্প সময়েই নাট্যাভিনেত্রী হিসেবে পরিচিতি পান সুমনা ইয়াসমিন সায়মা। ‘হরবোলা’, ‘সাথী’সহ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সায়মা। গত ৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, বর্তমানে মিডিয়ার কোনো কাজের সঙ্গে যুক্ত নন এবং এ-সংক্রান্ত যোগাযোগ না করার অনুরোধ জানান।
গত বছরের ১২ ডিসেম্বর লন্ডনপ্রবাসী রাসেল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়মা। সম্প্রতি স্বামীর সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি।
কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী হয়ে ওঠা সায়মার অভিনয়ে অভিষেক ঘটে ২০২৪ সালে ‘পাঁজর ৩’ নাটকের মাধ্যমে। প্রায় এক বছরের অভিনয় ক্যারিয়ার শেষে এবার নতুন জীবনে মনোযোগ দিচ্ছেন গাজীপুরে বেড়ে ওঠা এই তরুণ অভিনেত্রী।