ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি–আমেরিকান ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। কানাডার টরন্টোতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন নোরা ফাতেহি, ভেজেড্রিমসহ আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন তারকা।

বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন সঞ্জয়। এদিকে তাঁর বিশ্বকাপসংগীত ‘সির সির’ প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। গানটি ফুটবলপ্রেমীদের পাশাপাশি সংগীতপ্রেমীদের মাঝেও প্রশংসিত হচ্ছে।
নিজের এই অর্জনে উচ্ছ্বসিত সঞ্জয় বলেন, বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারায় তিনি গর্বিত। সঞ্জয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদও।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়ের পরিবেশনার অপেক্ষায় এখন দেশের ভক্ত-অনুরাগীরাও। তাঁর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতের জন্য নতুন এক গর্বের অধ্যায় হয়ে উঠতে পারে।