লইট্টা মাছের ঘ্রাণে থমকে গেলেন রুপা গাঙ্গুলি, তারপর যা ঘটল

Share

রুপা গাঙ্গুলি সম্প্রতি নিজের নির্বাচনি এলাকা পরিদর্শনের সময় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দেন। এলাকা ঘুরে দেখার সময় একটি বাড়ি থেকে ভেসে আসা লইট্টা মাছের রান্নার সুবাসে আকৃষ্ট হয়ে তিনি সরাসরি সেই বাড়িতে প্রবেশ করেন।

জানালার পাশে দাঁড়িয়ে গৃহকর্ত্রীর সঙ্গে কথা বলে রান্নার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মজার ছলে মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। গৃহকর্ত্রীর আন্তরিক আমন্ত্রণে বাড়ির ভেতরে গিয়ে সাধারণ আয়োজনেই ভাত ও লইট্টা মাছের তরকারি খেয়ে আপ্যায়ন গ্রহণ করেন এই সংসদ সদস্য।

পরে রুপা গাঙ্গুলি জানান, রান্নার দারুণ গন্ধে তিনি নিজেকে আর সংযত রাখতে পারেননি। তার এই সহজ-সরল ও অনাড়ম্বর আচরণ স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষের সঙ্গে তার এই আন্তরিক মুহূর্তটি বেশ আলোচনায় এসেছে।