ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবন থেকে ‘কুমকুম ভাগ্য’খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ জুন নিজ বাসায় সঞ্চিতাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ইনকোয়েস্ট রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ ও ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ একাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন সঞ্চিতা। মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।