কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে থাকার পর আবারও অভিনয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। ওটিটি প্ল্যাটফর্মের কাজ এবং নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটানোর পর এবার তাকে দেখা যেতে পারে নতুন একটি হিন্দি ধারাবাহিকে।

জানা গেছে, ‘ফিতুর’ নামের নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে দেবচন্দ্রিমাকে। বর্তমানে প্রকল্পটির প্রস্তুতি চলছে এবং নায়ক নির্বাচন প্রক্রিয়াও এখনো শেষ হয়নি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাই থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নতুন কাজটি নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বাংলা ও হিন্দি—দুই ভাষার দর্শকদের কাছেই পরিচিত মুখ দেবচন্দ্রিমা। এর আগে তিনি সুহাগান চুড়েল-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। নতুন ধারাবাহিকের মাধ্যমে তার ছোটপর্দায় প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।