ফারহান আখতার পরিচালিত ও প্রযোজিত ডন ৩ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে বলিউডে। সিনেমাটিতে অভিনয়ের জন্য আগে থেকেই যুক্ত ছিলেন রণবীর সিং। এমনকি অগ্রিম পারিশ্রমিক নেওয়ার খবরও প্রকাশ্যে আসে। তবে প্রকল্প থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন এবং তা ঘিরে বিতর্ক এখনো আলোচনায়।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ফারহান আখতারের সঙ্গে একাধিক বৈঠক করেছেন সালমান খান। ভারতীয় গণমাধ্যমের দাবি, দুজন একটি বড় বাজেটের পিরিয়ড অ্যাকশন ড্রামা নিয়ে আলোচনা করছেন। যদিও প্রকল্পটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবু ফারহান–সালমান বৈঠককে ঘিরে বলিপাড়ায় নানা জল্পনা তৈরি হয়েছে।

এদিকে রণবীরের বিরুদ্ধে অসহযোগিতামূলক অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। ফলে ভবিষ্যতের কিছু প্রকল্পে তাকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলেও আলোচনা চলছে।
অন্যদিকে নতুন বিতর্কে জড়িয়েছেন সালমান খানও। কালা হিরণ: উত্তরাধিকারের লড়াই নামের একটি সিনেমার টিজার প্রকাশের পর আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সালমানের অভিযোগ, ছবিটি তার ব্যক্তিগত ভাবমূর্তি ও জনসম্মুখের পরিচিতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। এ কারণে চলচ্চিত্রটির মুক্তি স্থগিতের আবেদনও করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনাকে ঘিরে সালমান খানকে নিয়ে নানা সময় আলোচনা হয়েছে। সেই বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত বলে দাবি করা ‘কালা হিরণ’ ছবিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি।
তবে ‘ডন ৩’ কিংবা ফারহান আখতারের সম্ভাব্য নতুন প্রকল্পে সালমান খানের যুক্ত হওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে নতুন ‘ডন’ হিসেবে সালমানকে দেখার আলোচনা আপাতত বলিউডের গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।