সংগীতশিল্পী ও উপস্থাপক দিঠি আনোয়ারের নতুন মৌলিক গান ‘রবিঠাকুর’ প্রকাশিত হয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এ। গত রোববার সন্ধ্যায় গানটি উন্মুক্ত করা হয়। গানটির কথা লিখেছেন দেশের কিংবদন্তি গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার।
নতুন গানটি নিয়ে দিঠি আনোয়ার বলেন, “বাবা গাজী মাজহারুল আনোয়ারের জীবনের শেষ সময়ে লেখা কয়েকটি গান গাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সৌভাগ্যের বিষয়। ‘রবিঠাকুর’ প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। গানটির সুর ও সংগীতায়োজনের জন্য সুরকার ও সংগীত পরিচালক অপু আমানকে ধন্যবাদ জানাই। তাঁর দক্ষতা ও সৃজনশীলতার ছাপ তাঁর প্রতিটি কাজেই ফুটে ওঠে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
সুরকার ও সংগীত পরিচালক অপু আমান জানান, গাজী মাজহারুল আনোয়ারের লেখা পাঁচটি গান নিয়ে তিনি একটি বিশেষ প্রকল্পে কাজ করছেন। প্রকল্পের গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, “গাজী মাজহারুল আনোয়ার এবং দিঠি আনোয়ার—দুজনেরই আস্থা অর্জন করতে পেরে আমি কৃতজ্ঞ। গানগুলোর গভীর কথামালা আমাকে ভীষণভাবে স্পর্শ করে।”
উল্লেখ্য, এর আগে দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলে তাঁর কণ্ঠে ‘মেঘলা আকাশ’ ও ‘জন্মের পর’ শিরোনামের আরও দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। গান দুটির গীতিকারও ছিলেন গাজী মাজহারুল আনোয়ার।