জাজের নতুন চমকে ‘ডানাকাটা’ পরী

Share

দীর্ঘ বিরতির পর আবারও জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে নতুন কাজের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “Celebrating something big! Coming soon!! Jazz Multimedia X Pori Moni Again”— যা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।



পরীমণি ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ছবির জনপ্রিয় গান ‘ডানা কাটা পরী’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’, ‘মুখোশ’ এবং ‘অপারেশন সুন্দরবন’-সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেন।

সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজের কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। এ সময় তার ছেলে রাজ্যের সঙ্গে কেক কাটার ছবিও প্রকাশ্যে আসে। এরপরই নতুন প্রকল্পের ইঙ্গিত দেন পরীমণি। তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন আব্দুল আজিজ। তিনি বলেন, সময় হলে আনুষ্ঠানিকভাবেই নতুন ঘোষণাটি দেওয়া হবে।

ব্যক্তিগত জীবন ও মাতৃত্বের কারণে কিছুদিন বড়পর্দা থেকে দূরে থাকলেও জাজের সঙ্গে সম্ভাব্য নতুন এই উদ্যোগে পরীমণির প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। যদিও নতুন প্রকল্পের ধরন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।