দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ, বাণিজ্যিকভাবে সক্ষম এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি শিল্পটিকে টেকসই ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করতে সরকার নীতিগতসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।
তিনি জানান, বিসিটিআইর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এছাড়া মালয়েশিয়া ও চীন বাংলাদেশের সঙ্গে চলচ্চিত্র খাতে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে দেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিসিটিআইর কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। পরে কোর্স সফলভাবে সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।