সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অনেক বিবাহিত পুরুষ অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এ ধরনের পরিস্থিতি থেকে মেয়েদের দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম তো নয়ই, বন্ধুত্ব করতেও সতর্ক থাকা উচিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওবার্তায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মেয়েদের উদ্দেশে পরামর্শ দেন এই অভিনেত্রী।
প্রভা বলেন, ‘মেয়েরা শোনো, আমার ছোট-বড় সবাইকে একটা অনুরোধ করি—যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়বে না।’
তার ভাষ্য, অনেক বিবাহিত পুরুষই একই ধরনের কথা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। ‘যতই বলুক—“বউ ভালো না”, “সমাজের জন্য”, “সন্তানের জন্য সংসার টিকিয়ে রেখেছি”—এসব একই ধরনের স্ক্রিপ্ট। এগুলো শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে জড়িয়ে পড়লে একসময় নিজেকেই ক্ষমা করতে পারবে না।’
নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রভা। তিনি জানান, কিছুদিন আগে তিনিও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। অভিনেত্রীর দাবি, তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যদি সত্যিই সংসারে সমস্যা থাকে এবং বিচ্ছেদের প্রক্রিয়া চলমান থাকে, তাহলে আগে সেটি আইনগতভাবে সম্পন্ন করতে হবে। এরপরই ভবিষ্যৎ নিয়ে ভাবা যেতে পারে।
প্রভা বলেন, ‘আমি তাকে বলেছি, আগে ডিভোর্সের প্রক্রিয়া শেষ করে আসুন। তারপর ভেবে দেখব, আমরা একে অন্যের জন্য উপযুক্ত কি না।’
অভিনেত্রীর ভাষ্য, এরপর ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলে সমালোচনা করেছেন। তবে এতে তার কোনো আক্ষেপ নেই। প্রভার কথায়, ‘সে এখন বলে বেড়ায় আমি নাকি সাইকো। আমি তাতে খুশি। অন্তত ওই সংসারে জড়াইনি।’