জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের জটিল সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য আজ (২৯ জুন) সকালে রাজধানীর আফতাবনগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চিকিৎসক ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তাঁর স্টেমসেল অপারেশন হওয়ার কথা রয়েছে।
হাসপাতাল থেকে জাগো নিউজকে মিল্টন খন্দকার বলেন, ‘অনেক দিন ধরে কাঁধ ও কোমরের ব্যথায় ভুগছি। মেরুদণ্ডেও গুরুতর সমস্যা রয়েছে। আজ হাসপাতালে ভর্তি হয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন অপারেশন সফল হয় এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’
গীতিকার হিসেবে যেমন, তেমনি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও দীর্ঘদিন ধরে বাংলা সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন মিল্টন খন্দকার। তাঁর লেখা অসংখ্য জনপ্রিয় গান দেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। গীতিকার হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।
তাঁর সৃষ্ট জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না’, ‘এত ছোট জনম নিয়ে’, ‘আমি যে তোমার কে’ এবং ‘অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না’।
শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, মিল্টন খন্দকারের প্রকৃত নাম রাশেদুল হক। ১৯৬৭ সালের ২৫ জুন কুষ্টিয়ার থানাপাড়ায় তাঁর জন্ম।