কৃতি শ্যানন-কবিরের বিচ্ছেদের গুঞ্জন, যা জানা গেল

Share

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও ব্যবসায়ী কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও দুজনের কেউই কখনো প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার করেননি। তবে বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কবির বাহিয়ার সঙ্গে এক তরুণীর একটি ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয় বিচ্ছেদের জল্পনা। প্রথমে রেডিটে প্রকাশিত ছবিটি পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই দাবি করতে শুরু করেন, কৃতি ও কবিরের সম্পর্কের ইতি ঘটেছে।

তবে এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কবির বাহিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির দাবি, ভাইরাল হওয়া ছবিটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবিতে থাকা তরুণী কবিরের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। তিনি তাঁকে নিজের বোনের মতোই দেখেন। অথচ সেই ছবিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সূত্রটির ভাষ্য, মানুষ না জেনেই দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে এবং যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের গল্প ছড়িয়ে দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

গত এক বছরে কৃতি শ্যানন ও কবির বাহিয়াকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। কৃতির জন্মদিন উদযাপন করতে তারা গ্রিসে ছুটি কাটিয়েছেন। এছাড়া কৃতির বোন নুপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কবির, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে।

শুধু পারিবারিক অনুষ্ঠানই নয়, বিভিন্ন ডিনার ডেট ও ব্যক্তিগত আয়োজনেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তবে সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি কৃতি কিংবা কবির।

এদিকে কাজের ব্যস্ততায় সময় কাটছে কৃতি শ্যাননের। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ককটেল ২’ বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। হোমি আদাজানিয়া পরিচালিত এ ছবিতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘ককটেল’–এর সিক্যুয়েল এটি।