প্রায় তিন বছরের বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে ফিরেছেন সময়ের অভিনয়শিল্পী অনন্যা অনু। পড়াশোনা ও পারিবারিক ব্যস্ততায় দীর্ঘ সময় শোবিজ থেকে দূরে থাকলেও এবার নতুনভাবে নিজেকে গুছিয়ে নিয়ে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত ১ জুলাই রুব্রিক কমিউনিকেশনস লিমিটেডের প্রযোজনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রমোশনাল ডকুমেন্টারির শুটিংয়ের মাধ্যমে নতুন করে কাজ শুরু করেন অনু।
ফিরে আসার অনুভূতি জানিয়ে তিনি বলেন, দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁর ভালো লেগেছে এবং এই সুযোগ দেওয়ার জন্য কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।
নতুন ইনিংস নিয়ে অনু বলেন, তিনি এবার নিয়মিত অভিনয় করতে চান, তবে কম সংখ্যক হলেও মানসম্মত ও গল্পনির্ভর কাজ বেছে নিতে আগ্রহী। তাঁর মতে, একটি শক্তিশালী গল্প ও উপযুক্ত চরিত্রই একজন শিল্পীর আসল পরিচয় গড়ে দেয়।
২০১৫ সালে অভিনয়ে অভিষেক হওয়া অনন্যা অনু শুরু থেকেই একক ও ধারাবাহিক নাটকে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে পরিচিতি পান। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বংশের চাবী’, ‘কটকটি’, ‘ব্ল্যাক মানি’, ‘ডিবি’, ‘ফ্যামিলি ডিসটেন্স’, ‘সাগর পাড়ের মেয়েটি’, ‘লেডি গোয়েন্দা’, ‘নায়িকার বিয়ে ২’সহ আরও অনেক জনপ্রিয় কাজ।
অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সাফল্য পেয়েছেন তিনি। ২০১৭ সালে ‘সুপার মডেল বাংলাদেশ’-এ সেরা দশে স্থান পান এবং ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ সেরা দশে থেকে ‘মিস স্মাইলি’ খেতাব অর্জন করেন। পরবর্তীতে ২০২১ সালে ‘ফেস অব এশিয়া বাংলাদেশ’-এ সেরা পাঁচে জায়গা করে নেন এই অভিনেত্রী।
দর্শকদের ভালোবাসাকেই শক্তি হিসেবে দেখছেন অনু। তাঁর প্রত্যাশা—আগামীতে আরও বেছে বেছে ভালো কাজের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করবেন তিনি।