ব্যস্ততার কারণে আগের মতো নিয়মিত দেখা না হলেও বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামালের। শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত চরকি কার্নিভ্যালে দীর্ঘদিন পর মুখোমুখি হন এই দুই তারকা। দেখা হতেই দূর থেকে একে অপরকে ডাকেন, এরপর জমে ওঠে প্রাণবন্ত আড্ডা।
আড্ডার একপর্যায়ে তাঁদের ছবি তুলতে শুরু করেন আলোকচিত্রী। তখন সুনেরাহ্ মজা করে ছবি তুলতে নিষেধ করলেও রাজ হেসে বলেন, ‘বন্ধুর সঙ্গে দেখা, ছবি তুলুন।’ পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে কেন লিখবেন না। আমরা ক্যারিয়ারের শুরু থেকেই ভালো বন্ধু। সে সব সময় আমাকে সাপোর্ট করেছে, এখনো আমাদের বন্ধুত্ব একই রকম আছে।’
রাজ জানান, কাজের ব্যস্ততায় দেখা-সাক্ষাৎ কম হলেও বন্ধুত্বে কোনো পরিবর্তন আসেনি। চরকির এই আয়োজনে অনেক দিন পর সুনেরাহ্র সঙ্গে দেখা হওয়ায় তাঁর ভালো লাগছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে সুনেরাহ্ বলেন, তাঁদের বন্ধুত্ব নিয়ে প্রায়ই নানা আলোচনা হয়, তাই তিনি চান না বিষয়টি নিয়ে অযথা খবর তৈরি হোক। তবে পরে হাসতে হাসতেই বলেন, দুই বন্ধুর দেখা হওয়ার খবর লেখা যেতে পারে, তবে তার আগেই তিনি নিজেই তাঁদের একসঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করবেন।
শরীফুল রাজ ও সুনেরাহ্ প্রথম একসঙ্গে অভিনয় করেন ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমায়। যদিও সিনেমার আগেই মডেলিংয়ের সুবাদে তাঁদের পরিচয় ছিল। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে দীর্ঘদিনের বন্ধুত্ব, যা আজও অটুট রয়েছে। বর্তমানে দুজনই নিজ নিজ অভিনয়জীবনে ব্যস্ত থাকলেও একে অপরের কাজের খোঁজ রাখেন এবং পুরোনো বন্ধুত্ব একই উষ্ণতায় ধরে রেখেছেন।