জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন সিনেমা ‘শিকার’–এর শুটিং শুরু করতে যাচ্ছেন চলতি মাসেই। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কামরুজ্জামান রোমান।
শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে পরিকল্পনা করা হলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে। প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।
সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এটি একটি থ্রিলার ঘরানার ছবি, যার বড় অংশের শুটিং হবে নেপালে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে অপু বিশ্বাসকে দেখা যাবে ভিন্ন এক গ্ল্যামারাস চরিত্রে।
এছাড়া সিনেমাটির জন্য ইতোমধ্যে একটি গান রেকর্ড করা হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও ন্যান্সি।