সালমান শাহের মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রট নিয়োগ

Share

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।

আদালত সূত্র জানায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মরদেহ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।



এর আগে তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলনের আবেদন করা হলে আদালত তা অনুমোদন দেয়। পরে বাদীপক্ষের পক্ষ থেকে আদেশ বাতিলের আবেদন করা হলেও সেটি নথিভুক্ত করা হয়, কার্যত আগের নির্দেশ বহাল থাকে।

১৯৯৬ সালে মৃত্যুর পর থেকে সালমান শাহর মৃত্যু ঘিরে অপমৃত্যু ও হত্যা—দুই ধরনের দাবির মধ্যে দীর্ঘ আইনি লড়াই চলছে। একাধিক তদন্ত ও প্রতিবেদনের পরও বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি হয়নি। সর্বশেষ নতুন এই পদক্ষেপে আবারও আলোচনায় এসেছে ঢালিউডের এই কিংবদন্তি নায়কের মৃত্যু রহস্য।