সংসার ভাঙার পর মৌনীর বিরুদ্ধে নতুন অভিযোগ

Share

বলিউড তারকা মৌনী রায়কে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, তার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পর। যদিও মৌনী ও তার স্বামী সূরজ নাম্বিয়ার কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ নিয়ে মন্তব্য করেননি, তবুও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ভারতীয় সাংবাদিক ও ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক মৌনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, মৌনী নাকি অতিরিক্ত মদ্যপান করেন এবং ব্যক্তিজীবনে অগোছালো আচরণ করেন। পাশাপাশি অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই মৌনী ও দিশার সম্পর্ককে কেন্দ্র করে নানা জল্পনা ছড়াতে থাকেন, যদিও এসব দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে সূরজ নাম্বিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিচ্ছেদের সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কোনো বন্ধুর সম্পর্ক নেই। তিনি স্পষ্টভাবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ও বিতর্কের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মৌনী রায়।