প্লেব্যাকের সংকট নিয়ে মুখ খুললেন ন্যান্সি

Share

দীর্ঘদিন পর ‘শিকার’ সিনেমায় ইমরানের সঙ্গে নতুন একটি রোমান্টিক গানে কণ্ঠ দিলেও দেশের প্লেব্যাক ও সংগীতাঙ্গনের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাজমুন মুনিরা ন্যান্সি। তার দাবি, দেশে বাণিজ্যিক সিনেমা কমে যাওয়ায় প্লেব্যাক গানের সুযোগও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত দুই বছরে তিনি মাত্র দুটি সিনেমায় প্লেব্যাক করেছেন, যার একটি গান শেষ পর্যন্ত চলচ্চিত্রে ব্যবহারই হয়নি।



ন্যান্সির মতে, শুধু প্লেব্যাক নয়, অডিও ইন্ডাস্ট্রিও এখন স্থবির। বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন গানে আগের মতো বিনিয়োগ করছে না, ফলে অনেক শিল্পীর নতুন গান প্রকাশের সুযোগ কমে গেছে। একই সঙ্গে নিরাপত্তা ও ‘মব’ আতঙ্কে খোলা মাঠের কনসার্টও কমে যাওয়ায় শিল্পীরা নিয়মিত মঞ্চে গান গাওয়ার সুযোগ হারাচ্ছেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তার, কণা, কোনাল ও ইমরানদের প্রজন্মই হয়তো দেশের শেষ নিয়মিত প্লেব্যাক শিল্পীদের একটি প্রজন্ম হতে পারে। পাশাপাশি মব সন্ত্রাস নিয়ন্ত্রণ, শিল্প-সংস্কৃতিকে আরও গুরুত্ব দেওয়া এবং সরকারি অনুদানের চলচ্চিত্রে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার আহ্বান জানান ন্যান্সি। তার ভাষায়, শিল্প-সংস্কৃতিকে অবহেলা করে কোনো দেশ টেকসইভাবে এগিয়ে যেতে পারে না।