অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও লেখালেখিতে ব্যস্ত ফারুক আহমেদ, মঞ্চে আসছে ‘রঙমহাল’

Share

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ অভিনয়ের গণ্ডি পেরিয়ে এখন নির্দেশনা ও লেখালেখিতেও সমানভাবে মনোযোগী। আগামী ৯ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে তাঁর নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’, যা ঢাকা থিয়েটারের ৫৪তম প্রযোজনা।

ফারুক আহমেদ জানান, রুবাইয়াৎ আহমেদের লেখা নাটকটি ফোকধারার আঙ্গিকে নির্মাণ করা হয়েছে। এটি ঢাকা থিয়েটারের হয়ে তাঁর প্রথম নির্দেশনা হলেও এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। নাটকটির ইতোমধ্যে পাঁচটি প্রদর্শনী হয়েছে এবং দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানান তিনি। নির্দেশনার সুযোগ করে দেওয়ায় ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে ফারুক আহমেদের নতুন বই ‘মুছে যাওয়া দিনগুলো’। বইটিতে গল্পের আকারে উঠে এসেছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে কাটানো স্মৃতি, শৈশবের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা। এর আগে তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’, ‘আমার না বলা কথা’, ‘হাউমাউখাউ’ এবং ‘ভাঙা চশমা’।

বর্তমানে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি বিকাশ ও বার্জারের বিজ্ঞাপনে কাজ করেছেন। পাশাপাশি ‘এই শহর এই পরিবার’ ধারাবাহিক নাটক এবং কয়েকটি একক নাটকে অভিনয় করেছেন। এছাড়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমায়ও অভিনয় করছেন, যার বেশিরভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শিগগিরই মালয়েশিয়ায় হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ফারুক আহমেদ জানান, টেলিভিশন ও ইউটিউব—দুই মাধ্যমের জন্যই নাটক নির্মাণ করবেন। তিনি বলেন, দর্শকদের সুস্থ ও পারিবারিক বিনোদন দেওয়ার মতো গল্পনির্ভর নাটক নির্মাণই তাঁর লক্ষ্য। হুমায়ূন আহমেদ, সেলিম আল দীন, মাসুম রেজা ও কাউসার আহমেদের নাটকের ধারার মতো শক্তিশালী গল্পকে প্রাধান্য দিতে চান তিনি।

টেলিভিশন নাটকের বর্তমান অবস্থা নিয়ে তাঁর মূল্যায়ন, ভালো নাটক এখনো নির্মিত হচ্ছে, তবে নিম্নমানের কনটেন্টের ভিড়ে সেগুলো অনেক সময় আড়ালে পড়ে যায়। তাই তিনি ভিউয়ের চেয়ে মানসম্পন্ন গল্প ও নির্মাণকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান।

সবশেষে ফারুক আহমেদ বলেন, ভালো নির্মাণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভালো গল্প ও দক্ষ লেখক। সেই জায়গায় আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দেশের নাটক ও বিনোদন অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং সবাই ভালো কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করবেন।